ভুয়া কথায় নয়, প্রমাণিত কাজে বিশ্বাস করতে হবে: ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের দেড় বছর পর অনেক নেতা দেশে ফিরে এসে এখন ভুয়া কথাবার্তা বলছেন। এসব কথায় বিভ্রান্ত না হয়ে জনগণকে কাজের ভিত্তিতে রাজনীতি বিচার করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল পাবলিক স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, যারা ইতোমধ্যে নিজেদের কাজের মাধ্যমে জনগণের কাছে প্রমাণিত হয়েছেন, কেবল তাদের ওপরই আস্থা রাখা উচিত। যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন, তাদের ওপর বিশ্বাস স্থাপন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি দাবি করেন, দেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে প্রায় চার কোটি তরুণ অংশগ্রহণ করেছে এবং তারা ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত ছাত্ররাজনীতিতে এ ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে।

ডাকসুর দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর তারা শিক্ষার্থীদের নেতা নয়, প্রতিনিধি ও সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেছিলেন। একই সঙ্গে ছোট ভাইদের অভিভাবকের ভূমিকায় থাকার প্রতিশ্রুতিও দেন।

ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে সাদিক কায়েম বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জনগণের কাছে সবসময় জবাবদিহির মধ্যে থাকবেন এবং জনপ্রতিনিধিরাই জনগণের কাছে গিয়ে তাদের অধিকার নিশ্চিত করবেন।

নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।

Post a Comment

0 Comments