ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ তার জীবনের মহা আনন্দের দিন এবং এই দিন থেকেই একটি নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’ তিনি বলেন, আজকের দিনটিকে জাতির জন্মদিন হিসেবে পালন করা যেতে পারে এবং দিনব্যাপী উৎসব করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশের সবার জন্য মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে—এটাই আজকের দিনের সবচেয়ে বড় বার্তা।’

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণভোটের মাধ্যমে পুরো বাংলাদেশ পাল্টে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেন সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, ‘অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ।’ তিনি পুনরায় গণভোটে অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Post a Comment

0 Comments