জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং তাঁর এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করে বিভ্রান্তিকর কার্যক্রম চালানো হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, আইডি হ্যাকের ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার শুরু করে। তবে জামায়াতের সাইবার টিম বিষয়টি মোকাবিলা করেছে এবং ইতোমধ্যে প্রধান অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বলেন, সত্য কখনো চাপা দেওয়া যায় না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারে না।
জামায়াত আমির বলেন, জামায়াত শুধু দলীয় বিজয় চায় না, তারা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চায়। বিভক্তির রাজনীতি নয়, বরং সমতার বাংলাদেশ গড়তে চায় দলটি। তিনি বলেন, কোনো দলীয় রাষ্ট্র নয়, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
তিনি রংপুরের শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, অধিকার আদায়ের আন্দোলনে সাঈদসহ প্রায় ১৪ শত মানুষ শহীদ হয়েছেন। তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না এবং প্রয়োজনে এই আমানত রক্ষায় নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকার কথা জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। এখান থেকেই উন্নয়নের অগ্রযাত্রা শুরু হবে। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, কৃষি বিপ্লব হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বঞ্চিত মানুষ উন্নয়নের সুফল পাবে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের প্রধান সমস্যা তিনটি বড় নদী এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা। রাষ্ট্রীয় বাজেট লুটপাটের অভিযোগ তুলে তিনি দাবি করেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে এসব অর্থ উদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
0 Comments