গাইবান্ধায় শহীদ মিনার থেকে ফেরার পথে দুই আ.লীগ নেতা আটক

সিবি ডেক্স: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে প্রবেশ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে ওই দুই নেতাকে আটক করা হয়।

আমিনুর জামান রিংকু বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই তারা একত্র হয়েছিলেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিকেলে দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments