নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড়া সাহেবপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় এক ব্যক্তি বাড়িটির ভেতরে গিয়ে পানির ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীর পরনে কালো বোরকা ছিল। মরদেহটি কীভাবে ট্যাংকের ভেতরে গেল এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
0 Comments