ক্ষমতায় এলে সরকারি ও খাস জমিতে আশ্রিতদের উচ্ছেদ নয়: সালাহউদ্দিন আহমদ

সিবি ডেক্স: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারি ও খাস পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে থাকতে বাধ্য হয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তা-ই নেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-০৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে। তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বক্তব্যে তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। পাশাপাশি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, অথচ নিজেদের শরীক দলের সঙ্গে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কক্সবাজার-০৩ আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments