সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ, সবার আগে বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ

সিবি ডেক্স: কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি একটাই—সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। তাই সবার আগে বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এবং সরকার হবে উন্নয়নের সরকার। ইনশাআল্লাহ, আগামীর সরকার হবে বিএনপির সরকার। তিনি আরও বলেন, আগামীর সরকার ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে—যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যা ছিল গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা।

এর আগে তিনি চকরিয়া মালুমঘাট এলাকায় চা-বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে আরেকটি নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, এ দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান কোনো জাত বা ধর্মভিত্তিক বিভাজন হবে না। সবার পরিচয় হবে বাংলাদেশী। বিএনপি কখনো ধর্মের ভিত্তিতে বিভাজনে বিশ্বাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতেই বাংলাদেশী নাগরিকের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে, যা সাংবিধানিকভাবেও স্বীকৃত।

ডুলহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন ও নাজেম উদ্দিন।

অন্যদিকে মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, মাস্টার আবদুল মালেক, গিয়াস উদ্দিন ও সাংবাদিক এম আর মাহবুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments