কোনো কেন্দ্র দখলের খবর পাইনি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্র দখলের তথ্য সরকারের কাছে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে যেন দিনটি উৎসবমুখরভাবে উদযাপন করা যায়। আল্লাহর রহমতে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো ভিডিও থাকলে সেটি দেখতে চান। তিনি জানান, এবার এমন ঘটনার সম্ভাবনা খুবই কম, তবে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।

দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে—এটি তিনি অস্বীকার করছেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন আরও শান্তিপূর্ণ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের খবর সরকারের কাছে আসেনি। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলে দেশবাসী উপকৃত হবে।

Post a Comment

0 Comments