মোহাম্মদপুরে ভোট দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর তিনি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

এই কেন্দ্রটি জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩-এর অন্তর্ভুক্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এছাড়া জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে আরও যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে রয়েছেন—গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা (কলস), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন (রকেট), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মো. খালেকুজ্জামান (মই), বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার (হারিকেন), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া (আপেল) এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মো. ন রবিউল ইসলাম (ঘুড়ি)।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই আসনসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Post a Comment

0 Comments