প্রধানমন্ত্রীর ফোনে দেড় ঘণ্টায় অপহৃত ছাত্র উদ্ধার

সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে রাজধানীর খিলগাঁও থেকে এক নবম শ্রেণির স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ছাত্রটির বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী।

পুলিশ সূত্র জানায়, বিকেলে সচিবালয়ে দায়িত্ব পালনকালে ছেলে অপহৃত হওয়ার খবর পেয়ে খন্দকার শামীম প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। এ সময় প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন। খবর শুনেই তিনি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিসি মাসুদ আলম জানান, বিকেল পৌনে চারটার দিকে নির্দেশ পাওয়ার পর অভিযান শুরু হয়। খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের ওই শিক্ষার্থী বেলা আড়াইটায় স্কুল ছুটির পর চার-পাঁচজনের হাতে আটক হয়। তাকে জোড়পুকুর এলাকার নির্মাণাধীন ভবনে নিয়ে চড়থাপ্পড় ও নির্যাতন করা হয়। পরে বাবার নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে এবং নির্দিষ্ট নম্বর চাইলে তারা সময়ক্ষেপণ ও দর-কষাকষি করে। একপর্যায়ে প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করে বিকেল পাঁচটার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলে ভবন থেকে ছাত্রটিকে উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments