তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি মৃদুল

সিবি ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে যুক্ত হয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। পরে কালবেলার সঙ্গে মুঠোফোনে আলাপকালে গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যায় ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত চিন্তা-ভাবনার গভীর মিল রয়েছে। বিশেষ করে তারেক রহমানের বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও সাক্ষাৎ করার পর তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভাবনা তার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলেও তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।

Post a Comment

0 Comments