নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সিবি ডেক্স: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে—ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ কোনো গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন কোনো দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, আগামী ১২ তারিখ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে সবাইকে মাঠে দাঁড়াতে হবে।

পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ এবং নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একপর্যায়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতার মাঝেও আবেগের সঞ্চার করে।

Post a Comment

0 Comments