কোটবাজারে সালাহউদ্দিন আহমদ: ধানের শীষে ভোট পেলে আরও মর্যাদাবান হবেন শাহজাহান

সিবি ডেক্স: কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘বড় ভাই’ সম্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে শাহজাহান চৌধুরী আরও বেশি মর্যাদাবান হবেন। তিনি বলেন, আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই। তাকে সবসময় সম্মান করি। তিনি ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এ সময় সভাস্থল ‘শাহজাহান চৌধুরীকে মন্ত্রী চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি। তিনি একজন ত্যাগী ও পরিপক্ক নেতা, জনগণের সেবা দেওয়ার উপযুক্ত বয়সে রয়েছেন। তাই ভোটের দিন সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপিকে দেশের স্বাধীনতা ও জনগণের পক্ষে শক্তি উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি দেশের মানুষের স্বপ্ন পূরণ করবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেছে নিয়েছিলেন, কারণ এটি বাংলাদেশের প্রতীক ও আপামর জনতার মার্কা। অতীতে যেমন মানুষের সেবা করেছি, তেমনি আজীবন জনগণের সেবক হয়ে থাকতে চান বলে জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে প্রথমবারের মতো অন্য এলাকায় ধানের শীষের নির্বাচনি প্রচারে অংশ নেন।

Post a Comment

0 Comments