নরসিংদীতে প্রচারে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে জামায়াতকর্মীর বাগবিতণ্ডা

সিবি ডেক্স: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারওয়ার ওরফে সারোয়ার তুষারের নির্বাচনী প্রচারণাকালে এক জামায়াতকর্মীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রচারণার সময় সারোয়ার তুষারের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই জামায়াতকর্মী দলের জনপ্রিয়তার কথা উল্লেখ করেন। জবাবে সারোয়ার তুষার তাকে উদ্দেশ করে বলেন, আপনি কি জামায়াতের আমিরের চেয়ে বেশি? তখন ওই ব্যক্তি দাবি করেন, এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে এবং সারোয়ার তুষার আদৌ নির্বাচনে পাস করবেন কি না—সে প্রশ্ন তোলেন।

এ সময় সারোয়ার তুষার বলেন, তাহলে জোট করছেন কেন। পাল্টা ওই জামায়াতকর্মী অভিযোগ করেন, তারা অন্য দলের দালালি করছেন। এর জবাবে সারোয়ার তুষার বলেন, জোটে ভোট দেবেন না নাকি, দালালি আপনারাই করছেন।

বাগবিতণ্ডার সময় পাশে থাকা এক ব্যক্তি ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলেন, সভ্যতার সঙ্গে কথা বলতে এবং দালালি করার অভিযোগ কেন করা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তোলেন। আরেকজন সেখানে বলেন, সারোয়ার তুষাররা প্রচারণা চালাচ্ছেন, তারা প্রচারণা চালাক।

ভিডিওর শেষ অংশে ওই জামায়াতকর্মীকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট না দিলে ভোটের কোনো মূল্য থাকবে না। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments