সৌদিতে উটদের জন্য ‘পাসপোর্ট’ ইস্যুর উদ্যোগ, পশুপালন ও বাজার উন্নয়নের লক্ষ্য

সিবি ডেক্স: ২০৩০ সালের মধ্যে উন্নত আরব প্রতিষ্ঠান করার লক্ষ্যে এবার পশুদেরও গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকার প্রধান প্রাণী উটকেও পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অভিনব উদ্যোগ দেশটিতে ব্যাপক সাড়া ফেলেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাসপোর্ট ইস্যুর ফলে লাখ লাখ উটের তথ্য নথিভুক্ত করা হবে।  

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, উট পাসপোর্টের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে উটের বাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ এবং পশুপালন ব্যবস্থার উন্নয়ন। এই উদ্যোগের নেপথ্যে আছেন দেশের পরিবেশ, প্রাণী ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি।  

পাসপোর্টে মাইক্রোচিপ ব্যবস্থায় নথিভুক্ত থাকবে উটের নম্বর, নাম, জন্ম, লিঙ্গ, জাতি ও রঙ, প্রজনন ক্ষমতা এবং অন্যান্য তথ্য। সঙ্গে থাকবে উটের ছবি ও মালিকের তথ্য।  

গত মঙ্গলবার দেওয়া দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই পাসপোর্ট উটের স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে যাচাইয়ের সুবিধা দেবে। এতে নথিভুক্ত থাকবে টিকা ও রোগ সম্পর্কিত তথ্য। এছাড়া লক্ষ্য করা হচ্ছে, উট প্রজনন শিল্পের উন্নয়ন ও প্রসার ঘটানো। ২০২২ সালের হিসাব অনুসারে, সৌদি আরবে ২২ লাখের বেশি উট রয়েছে।

Post a Comment

0 Comments