ভোটের জন্য নিবন্ধন করা ৫ হাজার ৯৯০ জন কারাবন্দির মধ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪ হাজার ৬৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী-এমপি ও অর্ধশত ভিআইপি বন্দি রয়েছেন। শনিবার শেষ দিনে নিবন্ধন করা বাকি ১ হাজার ৯২৩ জন পোস্টাল ব্যালটে ভোট না দিলে তাদের ভোট বাতিল হয়ে যাবে বলে কারা সূত্র জানিয়েছে।
কারাগারের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ঢাকা বিভাগ দুটি ভাগে বিভক্ত। ঢাকা বিভাগ-১-এর আওতায় ১ হাজার ৪৭৬ জন, ঢাকা বিভাগ-২-এর আওতায় ১ হাজার ১৮৩ জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ মিলিয়ে মোট ২ হাজার ৩৩১ জন কারাবন্দি ভোটের জন্য নিবন্ধন করেছেন।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, ভোটের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নিবন্ধিত বন্দিদের প্রত্যেককে তিনটি খাম প্রদান করা হয়েছে, যেখানে একটি খামে নির্দেশাবলী ও ব্যালট পেপার, অন্য খামে গণভোটের ব্যালট এবং একটি বড় খামে সব খাম ঢোকানো আছে। খামগুলো আঠা লাগানোর পর ছেঁড়া ছাড়া খোলা সম্ভব নয়। বন্দিরা এই খামগুলো কারা কর্তৃপক্ষের মাধ্যমে পোস্ট অফিসে পাঠাবেন এবং ডাক বিভাগের এক্সপ্রেস ব্যবস্থায় সেগুলো নির্বাচন কমিশনে পৌঁছে যাবে।
এবারের নির্বাচনে কারাবন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তিন সপ্তাহ ধরে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। ৫ জানুয়ারি নিবন্ধন শেষ হয়েছে। দেশব্যাপী ৭৫টি কারাগারে ৮৬ হাজার বন্দির মধ্যে ৫ হাজার ৯৯০ জন নিবন্ধন করেছেন। ৩৮০টি ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হয়েছে, বাকি বন্দিরা নিবন্ধন করেননি।
0 Comments