শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারী (১৮)কে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রোকন হাওলাদার (৩৫)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদার, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 Comments