নিকুঞ্জ-২ থেকে অস্ত্রসহ সন্ত্রাসী রাহিম গ্রেপ্তার

সিবি ডেক্স: রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল্লাহ আল রাহিম (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৯ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, আব্দুল্লাহ আল রাহিম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় মাদক ব্যবসা, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। তিনি খিলক্ষেত ও বাড্ডা থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।

অভিযানকালে তার কাছ থেকে ৭.৬২ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ডিভিআর এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিম উদ্ধার করা অস্ত্রটি তার নিজের বলে স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্রটির বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের দখলে রেখে এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১।

Post a Comment

0 Comments