বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অভিযোগ এনে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে নেমেই সহজ-সরল মানুষের মাঝে জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে, যা সম্পূর্ণ অবান্তর ও ধোঁকাবাজি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের বিনিময়ে কেউ যদি জান্নাত দেওয়ার কথা বলে, তাহলে তাকে প্রশ্ন করা উচিত—সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়। ইসলামের নামে ভোটের রাজনীতি করা ইমানের জন্য ক্ষতিকর। আল্লাহর কাজ বান্দা করতে পারে না।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের ইতিহাস বিকৃত করছে। যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা-বোনদের তুলে দিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী শক্তিই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে উপস্থাপন করতে চাইছে। ওই দলের আমির দাবি করেছেন, তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার ঘোষকের মাধ্যমে। এই দলে যে সংখ্যক সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, অন্য কোনো দলে তার তুলনা নেই।
শিলখালী ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, নতুন এই ইউনিয়ন গঠনে তার ভূমিকা রয়েছে। তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—কাদামাটি মাড়িয়ে ভোটকেন্দ্রে যেতে হবে না। সেই প্রতিশ্রুতি রক্ষা করে এলাকার সড়কগুলো পাকা করা হয়েছে।
এর আগে সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার পহরচাঁদা মছন্যাকাটা এলাকায় দিনের প্রথম পথসভায় বক্তব্য দেন। পরে দুপুরে শিলখালী, বিকেলে রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয় মাঠ এবং সন্ধ্যায় উপকূলীয় মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চান। রাতে তিনি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদল নেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, যুবদল আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
0 Comments