টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, উদ্ধার ৯ লাখ ৮০ হাজার ইয়াবা

মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফে মাদক কারবারি চক্রের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গোলাগুলির ঘটনা ঘটেছে। পৃথক দুটি অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পাশাপাশি পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি এলাকার চৌধুরীপাড়া নাফ নদীর স্লুইসগেট সংলগ্ন এলাকায় যৌথ টহল দল অবস্থান নেয়।

রাত আনুমানিক ১টার দিকে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পালটা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর পাচারকারীরা ইয়াবার চালান ফেলে নাফ নদী ও কেওড়া জঙ্গলের আড়ালে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই সময়ে হ্নীলা চৌধুরীপাড়া সীমান্ত দিয়ে পালানোর পথে মাদক কারবারিদের সঙ্গে স্থানীয় একটি ডাকাত দলের গোলাগুলির ঘটনাও ঘটে। পরে বিজিবি বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাব ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উখিয়া ৬৪ বিজিবি টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়।

Post a Comment

0 Comments