৭ আসনে স্বতন্ত্র জয়, মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের বিদ্রোহী সাফল্য

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এই সাতজনই বিএনপির নেতা ছিলেন, তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নিজ নিজ এলাকায় তারা বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে বড় ব্যবধানে জয়ী হন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিবের চেয়ে তিনি ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পান। রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য ছিলেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় লুৎফর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় শেখ মুজিবুর রহমানকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট। আব্দুল হান্নান উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম ওরফে শাওন ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির প্রার্থী রেদোয়ান আহমদ পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। আতিকুল আলম উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে স্বতন্ত্র সালমান ওমর ১ লাখ ৭ হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ পেয়েছেন ১ লাখ ৭৩৬ ভোট। মনোনয়নবঞ্চিত হয়ে প্রার্থী হওয়ায় সালমান ওমরকে দল থেকে বহিষ্কার করা হয়।

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। রেজওয়ানুল হক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হন।

Post a Comment

0 Comments