Recents in Beach

ব্রেকিং নিউজ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সমুদ্রে নামছেন উপকূলের জেলেরা

সিবি ডেক্স: ইলিশের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (১১ জুন) মধ্যরাতে। দীর্ঘ বিরতির পর আবারও সমুদ্রে মাছ ধরতে নামছেন উপকূলীয় জেলেরা। ইতোমধ্যে আলীপুর, মহিপুরসহ উপকূলীয় অঞ্চলের বন্দরে ফের এসেছে কর্মচাঞ্চল্য। ট্রলার মেরামত, জাল সেলাই, বরফ-খাদ্য মজুতসহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে জেলেরা।

সরকার প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করলেও এবার সময় পরিবর্তন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। কোস্টগার্ড, নৌ-পুলিশ, প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিষেধাজ্ঞা কার্যকর করে।

মহিপুর মৎস্য আড়তের ব্যবসায়ী রাজু মিয়া বলেন, “জেলেরা নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলেছে, এবার আমরা বাজারে মাছের ভালো সরবরাহ আশা করছি।”

তবে নিষেধাজ্ঞার সময় জেলেরা সরকারের দেওয়া প্রণোদনার চাল না পাওয়ার অভিযোগ তুলেছেন।
১০ বছর ধরে মাছ ধরায় যুক্ত জেলে কাদের পহলান বলেন, “চাল পায়নি। ধারে-ঋণে চলেছি। এবার মাছ না পেলে পরিবার নিয়ে মহাবিপদ।”
জেলে মান্নান জানান, “নিষেধাজ্ঞা মেনে চলেছি, এখন আশা করি ইলিশ ধরা পড়বে।”

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ইলিশের উৎপাদন বাড়ানো এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ছিল মূল লক্ষ্য। তা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। জেলেরা এর সরাসরি সুফল পাবেন।”

এদিকে অনেকে মনে করছেন, এবার ইলিশের সরবরাহ বাড়লে বাজারে দামও কমবে এবং মাছ ব্যবসায় চাঙা ভাব ফিরবে।

Post a Comment

0 Comments