স্থানীয় সূত্র মতে, রিপন আলীর বাড়িতে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ ওঠে রিনার বিরুদ্ধে। রিপনের স্ত্রী মুক্তি খাতুন তাকে হাতেনাতে ধরে বাড়ির উঠানে দড়ি দিয়ে গাছে বেঁধে মারধর করেন। পরে শতাধিক গ্রামবাসী রিনার বাড়িতে হামলা চালিয়ে গরু, ছাগল, স্বর্ণালঙ্কার লুটে নেয় এবং আবার ধরে এনে মারধর করে মাথার চুল কেটে দেয়।
রিনা খাতুন অভিযোগ করেন, তিনি চুরি করেননি, শুধু রিপনকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু তাকে অপবাদ দিয়ে নির্মম নির্যাতন চালানো হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাটির ভিডিওতে দেখা যায়, শতাধিক লোক তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, মাথার ওড়না খুলে দেওয়া হচ্ছে।
অন্যদিকে, রিপন দাবি করেছেন রিনা চুরি করতে গিয়েছিলেন এবং গ্রামবাসীর ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে। মুক্তি খাতুন মারধরের কথা স্বীকার করেছেন। স্থানীয় কাশেম নামে একজন জানান, সালিশে ক্ষতিপূরণ হিসেবে গরু ও ছাগল নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম গবাদিপশু নেওয়ার বিষয়ে কিছু জানেন না।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখ জানিয়েছেন, বিষয়টি জেনেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments