ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে যে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি ক্রয়ের পরও তা দেশে পৌঁছাতে না পারা এবং ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের মতো ঘটনার কারণে সরবরাহ কার্যক্রমে বিলম্ব ঘটেছিল। মধ্যপ্রাচ্যে প্রধান জ্বালানি সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প উৎস অনুসন্ধানে কিছুটা সময় লেগেছে বলে জানান তিনি। তবে এসব দুর্যোগ কাটিয়ে বর্তমানে জ্বালানির লাইন পুরোপুরি স্বাভাবিক হয়েছে এবং সঠিক সময়ে দেশে জ্বালানি এসে পৌঁছাচ্ছে বলে জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বেশি মূল্য দিয়ে হলেও গ্যাস আমদানির জন্য বিকল্প উৎস নিশ্চিত করেছে। সরকারের ইচ্ছাকৃত কোনো ত্রুটির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়নি উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ উদ্যোগে দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের সংকট ও নানা জটিলতা কাটিয়ে দেশে জ্বালানি সরবরাহ এখন পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


0 Comments