রাজধানীর আদাবর এলাকায় জুলাই আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নবী নেওয়াজকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল দাবি করেন, নবী নেওয়াজকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক এই সংসদ সদস্য ইতিমধ্যে হাইকোর্ট থেকে অন্য একটি মামলায় জামিন পেয়েছেন। কারামুক্ত হওয়ার ঠিক পূর্বমুহূর্তে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এছাড়া তিনি আসামির বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টিও আদালতের নজরে আনেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে পোশাক শ্রমিক রুবেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা করেন। উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাজধানী থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।
জুলাই আন্দোলনে আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


0 Comments