ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে বা ডিবিতে ন্যস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি ক্যান্টনমেন্ট থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করেন। এই মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ডিবি গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন জানান, তারা মামলার নথিপত্র বুঝে পেয়েছেন এবং সাবেক ওসি রাকিবুল হাসানকে গতকাল রাতেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী সম্পর্কে রাকিবুল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় অভিযোগ করা হয়েছে, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সম্পর্কে রাকিবুল হাসানের উসকানিমূলক বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। এই ঘটনায় রাকিবুলের সঙ্গে চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্বে থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। অডিওটি নিয়ে আলোচনা শুরু হলে পরদিন তাঁকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে প্রশাসনিক কারণে রাজারবাগে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয় এবং ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাটির তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়েছে।


0 Comments