যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানকে পুরোপুরি পরাজিত করার পর তিনি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। গত শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের এমন বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং ইরান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সমাবেশে ট্রাম্প বলেন, বর্তমানে ইরান অত্যন্ত শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পরাজিত করার পরপরই হরমুজ প্রণালিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা দেবেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বহীন বা রসিকতা হিসেবে দেখছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ট্রাম্প সম্ভবত মজা করেই এমন কথা বলেছেন।
এদিকে ট্রাম্পের এই দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি ঐতিহাসিকভাবেই ইরানের এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। তিনি আরও উল্লেখ করেন, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার কেবল ইরানেরই রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল সীমিত করে দেয় তেহরান। জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে দুই পক্ষের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে, অবরোধের মাধ্যমে এই এলাকাটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না। অন্যদিকে, ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে।
ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের এক সমাবেশে দেওয়া তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান।


0 Comments