Recents in Beach

ব্রেকিং নিউজ

গাজায় দীর্ঘ যুদ্ধের প্রভাব: চরম যান্ত্রিক ও রসদ সংকটে ইসরাইলি সেনাবাহিনী

সিবি ডেক্স: গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে চরম যান্ত্রিক ও রসদ সংকটে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির ট্যাংক, সাঁজোয়া যান ও অস্ত্রব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম মা’আরিভ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর ৭ম সাঁজোয়া ব্রিগেডসহ বেশ কয়েকটি ইউনিট এখন ট্যাংকার ইঞ্জিন, ট্র্যাক ও কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ঘাটতিতে ভুগছে। গাজা, লেবানন ও সিরিয়ায় টানা দুই বছর যুদ্ধের কারণে রণযানগুলো ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বলছেন, এখন এসব যন্ত্রের আয়ুষ্কাল প্রায় শেষ।

একটি সাম্প্রতিক ঘটনায় গাজা শহরের জাবালিয়ায় গিভাতি ব্রিগেডের একটি ট্যাংকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুন ধরে যায়। দমকল বাহিনী সেখানে পৌঁছালে তাদের কনভয় হামাসের পুঁতে রাখা আইইডির বিস্ফোরণে পড়ে। এতে তিন ইসরাইলি সেনা নিহত এবং দুইজন গুরুতর আহত হন।

মা’আরিভ আরও জানায়, শুধু একটি ব্রিগেড নয়, ইসরাইলি সেনাবাহিনীর কামান, সাঁজোয়া এবং পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিটেই একই ধরনের যন্ত্রাংশ সংকট রয়েছে। রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ প্রতিস্থাপন ও সংস্কার এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৫৪,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ২২ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।

এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি।

Post a Comment

0 Comments