আজ থেকে আবার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে আবার শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশন উদ্বোধন করা হয় এবং সেদিন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, রোববারের অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন ও উত্তর পর্ব থাকবে।

এছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং সেই প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি বিধি-৭১ এর আওতায় ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

এর আগে প্রথম অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

Post a Comment

0 Comments