ইকুয়েডরের ক্লাব মাকারার বিপক্ষে জয় পেলেও মাঠের দর্শকদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচের এক পর্যায়ে সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনে তাদের কড়া সমালোচনা করেন তিনি।
ম্যাচের শুরুটা সান্তোসের জন্য সুখকর ছিল না। পঞ্চম মিনিটেই ফ্রাঙ্কো পসের গোলে এগিয়ে যায় মাকারা। তবে প্রথমার্ধের শেষ দিকে নেইমারের সহায়তায় গাব্রিয়েল বারবোসা গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৭৬ মিনিটে নেইমারের নেওয়া কর্নার থেকে উইলিয়ান আরাও গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় সান্তোসের।
জয়ের পর ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান, দল যখন ১-০ গোলে পিছিয়ে ছিল তখন গ্যালারি থেকে তাকে দুয়ো শুনতে হয়। সমর্থকদের এমন আচরণের সমালোচনা করে তিনি বলেন, ভক্তরা কষ্ট পাচ্ছেন সেটা তিনি বোঝেন, তবে নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে আসার চেয়ে ঘরে থাকাই ভালো।
নেইমার আরও জানান, তিনি গ্যালারির এক দর্শককে সমালোচনা না করে সমর্থন দেওয়ার অনুরোধ করেছিলেন। পরবর্তীতে দল জয় পাওয়ার পর সেই ব্যক্তিকেই আবার ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। এ প্রসঙ্গে নেইমার মন্তব্য করেন, জয়ের পর ভালোবাসা দেখানো সহজ কাজ।
এই জয়ের ফলে টুর্নামেন্টের শেষ আটে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল সান্তোস। আগামী সপ্তাহে ইকুয়েডরের আমবাতোতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে নেইমারের পারফরম্যান্সও বেশ উজ্জ্বল। শেষ ২৪ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে দলের প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি।
মাকারার বিপক্ষে সান্তোসের কষ্টার্জিত জয়ের ম্যাচে সমর্থকদের আচরণে ক্ষুব্ধ নেইমার। দুয়ো দেওয়া ভক্তদের কড়া সমালোচনা করে তিনি বলেন, নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে আসার চেয়ে ঘরে থাকাই ভালো।


0 Comments