ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ইঞ্জিন বন্ধ থাকলেও পাহাড়ে নিজে নিজেই চলে গাড়ি: লাদাখের ম্যাগনেটিক হিলের আসল রহস্য উন্মোচন

ইঞ্জিন বন্ধ থাকলেও পাহাড়ে নিজে নিজেই চলে গাড়ি: লাদাখের ম্যাগনেটিক হিলের আসল রহস্য উন্মোচন

ভারতের লাদাখের লেহ-কারগিল মহাসড়কে অবস্থিত ‘ম্যাগনেটিক হিল’ পর্যটকদের কাছে দীর্ঘদিনের এক বিস্ময়। লেহ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি রাস্তায় ইঞ্জিন বন্ধ করে গাড়ি নিউট্রালে রাখলে তা নিজে থেকেই সামনের দিকে এগোতে শুরু করে। আপাতদৃষ্টিতে মনে হয় গাড়িটি মহাকর্ষ বলকে উপেক্ষা করে উঁচুর দিকে উঠছে। তবে বিজ্ঞানীদের মতে, এটি কোনো অলৌকিক ঘটনা বা চৌম্বক শক্তি নয়, বরং এটি একটি শক্তিশালী ‘দৃষ্টিভ্রম’ বা অপটিক্যাল ইলিউশন।

স্থানীয় লোককথা ও পর্যটকদের মুখে প্রচলিত ছিল যে, এই পাহাড়ের অদৃশ্য চৌম্বক শক্তি গাড়িকে নিজের দিকে টেনে নেয়। এমনকি আকাশপথেও এর প্রভাব পড়ে বলে অনেকে দাবি করতেন। তবে ভারতের সরকারি পর্যটন দপ্তর ‘Incredible India’ এবং বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, এই রহস্যের মূলে রয়েছে চারপাশের ভূপ্রকৃতি। পাহাড় ও দিগন্তরেখার বিশেষ বিন্যাসের কারণে আমাদের মস্তিষ্ক রাস্তার ঢাল বুঝতে ভুল করে। প্রকৃতপক্ষে রাস্তাটি নিচের দিকে ঢালু হলেও চোখের ভুলে সেটিকে উঁচুর দিকে মনে হয়। ফলে মহাকর্ষের স্বাভাবিক নিয়মেই গাড়ি নিচের দিকে গড়িয়ে যায়।

২০০৩ সালে ‘Psychological Science’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এই ধরনের স্থানগুলোকে ‘অ্যান্টি-গ্র্যাভিটি হিল’ না বলে ‘ভিজ্যুয়াল ইলিউশন’ হিসেবে অভিহিত করা হয়েছে। গবেষকরা দেখিয়েছেন, যখন দিগন্তরেখা স্পষ্টভাবে দেখা যায় না, তখন মস্তিষ্ক আশপাশের কাত হয়ে থাকা ভূপ্রকৃতিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভুল সিদ্ধান্ত নেয়। লাদাখের এই ম্যাগনেটিক হিল ছাড়াও দক্ষিণ কোরিয়ার ‘ডোক্কায়েবি রোড’ এবং স্কটল্যান্ডের ‘ইলেকট্রিক ব্রে’-তে একই ধরনের প্রাকৃতিক বিভ্রম দেখা যায়। ছত্তিশগড়ের ‘উল্টাপানি’ নামক স্থানেও ডিজিটাল এলিভেশন মডেলের মাধ্যমে পরীক্ষা করে একই ফলাফল পাওয়া গেছে। মূলত প্রকৃতির বিশেষ গঠন আর মানুষের চোখের সীমাবদ্ধতাই এই রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্ম দেয়।

সংক্ষেপে:
লাদাখের ম্যাগনেটিক হিলে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি নিজে নিজেই উঁচুতে ওঠে বলে মনে হয়। তবে বিজ্ঞানীরা বলছেন এটি কোনো অলৌকিক শক্তি নয়, বরং চারপাশের ভূপ্রকৃতির কারণে সৃষ্ট এক বিশেষ দৃষ্টিভ্রম।
ইঞ্জিন বন্ধ থাকলেও পাহাড়ে নিজে নিজেই চলে গাড়ি: লাদাখের ম্যাগনেটিক হিলের আসল রহস্য উন্মোচন

0 Comments