সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে কথিত সালাম বাহিনীর চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ এবং নৌযান মালিক ও শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিবসহ একদল সন্ত্রাসী রাতে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়। তারা সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে চলাচলকারী বাল্কহেড ও বিভিন্ন নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায় করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান শ্রমিকদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগও তোলেন বক্তারা।
নৌপথকে নিরাপদ করার লক্ষ্যে এবং এই বাহিনীর হাত থেকে রক্ষা পেতে বক্তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। আবু সাইদের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
যমুনা নদীতে সালাম বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিন উপজেলার ২৭ গ্রামের হাজারো মানুষ ও নৌযান মালিকরা এতে অংশ নিয়ে নিরাপত্তা দাবি করেন।


0 Comments