কক্সবাজারের পেকুয়ায় জমি ও মৎস্য প্রজেক্টের দখল নিয়ে বিরোধের জেরে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার দরদরী ঘোনা, রকিতদিয়া ও মটকাভাঙা এলাকায় দফায় দফায় এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর ওই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় মৃত ফরিদুল আলমের ছেলে বাবুল (৪০) গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় দিলোয়ারা বেগম নামে এক নারীও আহত হন। প্রজেক্ট সংশ্লিষ্টদের অভিযোগ, হামলাকারীরা মৎস্য প্রজেক্টের বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রায় ৬৫ কেজি চিংড়ি মাছ লুট করে নিয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
জানা গেছে, ২৭৮ কানি জমির ওই মৎস্য প্রজেক্টের মালিকানা ও দখল নিয়ে শাহাজাহান মিয়া গংয়ের সাথে মাহমুদুল হক ও আবু ছিদ্দিকের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শাহাজাহান মিয়ার অভিযোগ, মাহমুদুল হক ও আবু ছিদ্দিক সংঘবদ্ধ লোক নিয়ে প্রজেক্ট দখলের উদ্দেশ্যে গুলিবর্ষণ ও লুটপাট চালিয়েছেন। তবে মাহমুদুল হক গুলিবর্ষণের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তার প্রজেক্টটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এবং তিনি কেবল সেখানে গিয়েছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারের পেকুয়ায় মৎস্য প্রজেক্টের দখল নিয়ে বিরোধের জেরে গভীর রাতে গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।


0 Comments