জনস্বার্থে ৭ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাতজন হলেন—র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জের মো. রবিউল ইসলাম।
অন্যদিকে, ৪৯ জন পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান, তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজ, কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী এবং বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন। কক্সবাজার অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মধ্যে সিআইডির বেলালে উদ্দিন জাহাঙ্গীর, ট্যুরিস্ট পুলিশের কে এম আশরাফ উদ্দিন এবং ১৪ এপিবিএন-এর সমীর চন্দ্র সূত্র ধরকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী তাদের প্রাপ্য সকল অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পরিদর্শকসহ মোট ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


0 Comments