হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন যাত্রী। রবিবার দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার বরাতে জানা গেছে, পোল্যান্ডের নিবন্ধিত বাসটি রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল। এতে মোট ৫৭ জন যাত্রী এবং দুইজন চালক ছিলেন। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে। অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন আটকা পড়লে উদ্ধারকর্মীরা জানালা দিয়ে তাদের বের করে আনেন।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধারকর্মীদের ধন্যবাদ দিয়েছেন।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানিয়েছেন, পোলিশ কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎসকিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
হাঙ্গেরির এম-৩ মহাসড়কে পোল্যান্ডের একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন। চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


0 Comments