ঝিনাইদহে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা শহরের আরাপপুর ও শৈলকূপা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার (৭২)। অন্য চারজন হলেন শৈলকূপা উপজেলার বাদশা আলমগীর (৫৬), মাজিবুল ইসলাম (৫৭), আল নাহিয়ান সাকিব (১৯) এবং মো. হাসিবুল ইসলাম (২৫)।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পাঁয়তারা করার অভিযোগ রয়েছে। এছাড়া তারা ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন বলেও পুলিশ দাবি করেছে। সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের পরিকল্পনা ও তাতে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে শৈলকূপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগে ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


0 Comments