ভোলার চরফ্যাশনে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। আলোচনায় বক্তারা উপকূলীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং জাতীয় প্রোটিনের চাহিদা মেটাতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। চরাঞ্চলের খামারিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার তিনজন সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেরিকালচারে সাফল্যের জন্য হাজারীগঞ্জ ইউনিয়নের আবদুল মোতালেব, কার্পমিশ্র চাষে অবদানের জন্য জিন্নাগড় ইউনিয়নের এস এম রাশেদ এবং সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে নূরাবাদ ইউনিয়নের মো. রাকিব হোসেনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন।
ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বারোপের পাশাপাশি অনুষ্ঠানে সফল তিন খামারিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
-6a81543268d76.webp)

0 Comments