কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আরিফ উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে এবং আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে গোসলের একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরে ভেসে যায়। ওই সময় তার সহপাঠী সাইদি তাকে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও বৃহস্পতিবার তার সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া জানান, নিখোঁজ সংবাদ পাওয়ার পর তারা উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল জানান, পরিবারের সদস্যরা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আরিফ উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার দুপুরে বাহারছড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।


0 Comments