পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় চুল কিনে ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ভিয়েতনামি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হোয়াং ভ্যান থাং। অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০০ কেজি চুল কেনার পর পাওনা টাকা পরিশোধ না করেই দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবানপুর থানা এলাকার অনেক বাসিন্দা পরচুলার ব্যবসার সঙ্গে যুক্ত এবং তারা দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চুল বিক্রি করেন। হোয়াং ভ্যান থাং ওই এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ চুল সংগ্রহ করেন যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ অনুযায়ী, ওই বিপুল পরিমাণ অর্থ না দিয়েই তিনি ভিয়েতনামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভগবানপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে ওই ভিয়েতনামি নাগরিককে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে ইতিমধ্যে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ধৃত ব্যক্তিকে কাঁথি আদালতে তোলা হবে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৪৭ লক্ষ টাকার চুল কিনে টাকা না দিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক ভিয়েতনামি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে রাজ্যে আনা হয়েছে।


0 Comments