দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন সম্প্রতি তাঁর জীবনের একটি যন্ত্রণাদায়ক অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টানা দুই বছর একটি বিষাক্ত সম্পর্কের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি মানসিকভাবে ও শারীরিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। 'আই অ্যাম উইথ ধন্য ভার্মা' নামক অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা বিস্তারিত শেয়ার করেন তিনি।
অনুপমা জানান, সেই সম্পর্কের কোনো স্থিরতা ছিল না এবং বারবার বিচ্ছেদ ও পুনরায় মিলনের চেষ্টার মধ্য দিয়ে যেতে হতো তাঁকে। এই চরম ওঠানামার প্রভাব পড়েছিল তাঁর শরীরেও। অভিনেত্রী জানান, সেই সময়ে তিনি প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট এবং অতিরিক্ত ওজন কমে যাওয়ার মতো সমস্যায় ভুগেছেন। এমনকি মানসিক চাপের কারণে তাঁর ডান চোখ অনবরত কাঁপত এবং অশ্রুগ্রন্থি ফুলে যাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। শুটিং চলাকালীন সময়েও তাঁকে এই অসহনীয় পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।
সম্পর্কটি থেকে বেরিয়ে আসা কেন কঠিন ছিল, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটি অনেকটা মাকড়সার জালের মতো ছিল যেখানে পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করার প্রবণতা ছিল। একপর্যায়ে তিনি তাঁর সঙ্গীর মিথ্যা ও অসংগতিগুলো ধরতে শুরু করেন এবং নিজের মানসিক শান্তির খাতিরে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন। অনুপমার দাবি, সম্পর্কের শেষ দিকে একটি ঘটনার পর ওই ব্যক্তির প্রকৃত রূপ তাঁর সামনে উন্মোচিত হয় এবং তিনি যেন এক 'দানবীয়' রূপ দেখতে পান। সেই সময় দুই পরিবারের সদস্যরাও বিষয়টি সম্পর্কে অবগত হন।
যদিও অনুপমা তাঁর সাক্ষাৎকারে ওই ব্যক্তির নাম সরাসরি প্রকাশ করেননি, তবে ২০২৫ সালের শুরুর দিকে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হলেও অভিনেত্রী বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময় কাটিয়ে নতুনভাবে পথ চলার ইঙ্গিত দিয়েছেন।
দুই বছরের একটি বিষাক্ত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। সেই সময়ে শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি অস্ত্রোপচারের মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে।

0 Comments