সরকারের সমালোচনা করার অধিকার সবার থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা নেতিবাচক ন্যারেটিভ তৈরি করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত খান চৌধুরী এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দিতে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। তিনি স্পষ্ট করেন যে, এই আইন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতে তিনিও সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ জেনেবুঝে বিভ্রান্তিকর পোস্টে লাইক বা কমেন্ট করলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেন।
দেশের উন্নয়ন ও শিশুদের মানসিক বিকাশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর ফলে ঘরবন্দী শিশুরা খেলাধুলার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ভিডিও ও বই প্রকাশের কাজ চলছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমেদ এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারের সমালোচনা করার অধিকার থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত খান চৌধুরী। সাইবার বুলিং প্রতিরোধে আইন সংশোধনের কথাও জানান তিনি।


0 Comments