রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে ৯ দফা দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন থেকে দাবি আদায়ে জেলা পর্যায়ে সমাবেশ এবং রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি পূরণ না হলে ঢাকা অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আলেম সমাজ।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা জুনায়েদ আল হাবিব। সম্মেলনে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতিনিধি মুহিউদ্দীন রাব্বানী মন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ করেন, যেখানে দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেওয়া হয়।
সম্মেলনে উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো আইন করে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করা। এছাড়া আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করা, মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং সা’দপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে হিজবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।
বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক সংসদে বিল আনার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে বাংলাদেশেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার যৌক্তিকতা তুলে ধরেন। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক দাবি আদায়ে প্রয়োজনে সংসদ ঘেরাওয়ের আহ্বান জানান।
আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা মামুনুল হক, মুফতি আব্দুল মালেক, আহমদ আবদুল কাদের এবং মাওলানা খলিল আহমদ কাসেমীসহ শীর্ষস্থানীয় আলেমগণ।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও ইসলাম অবমাননার সর্বোচ্চ শাস্তির আইনসহ ৯ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে উলামা মাশায়েখ সম্মেলন। দাবি না মানলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আলেম নেতারা।


0 Comments