ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা ও প্রস্তুতি চলছে। আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই সফর আয়োজনের বিষয়ে দুই দেশ পৃথক তারিখ নিয়ে কাজ করছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারত প্রাথমিকভাবে ২০ ও ২১ আগস্ট সফরের প্রস্তাব দিলেও বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ অনুষ্ঠানের কারণে ২২ ও ২৩ আগস্ট সফরের কথা ভাবছে ঢাকা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মোদির বিশেষ বার্তা নিয়ে এসেছেন বলে জানা গেছে। যদিও এই সফর নিয়ে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা এবং ভারতে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, বিনিয়োগ এবং গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এই সফরের এজেন্ডায় রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। আগস্টের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে। শেখ হাসিনাকে ফেরত আনাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থাকছে আলোচনায়।


0 Comments