ইরানের জব্দ করা ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) ডলারের সম্পদ ফেরত না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি। শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, নতুন করে লড়াই শুরু হলে যুক্তরাষ্ট্র একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করবে।
তেহরানে দেওয়া ওই সাক্ষাৎকারে মহসেন রেজায়ি বর্তমান পরিস্থিতিকে অচলাবস্থা হিসেবে অভিহিত করেন। তিনি জানান, এই অচলাবস্থা ভাঙার দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান চায় অন্তর্বর্তী চুক্তির পরপরই অবরুদ্ধ তহবিলের ১২ বিলিয়ন ডলার এবং পরবর্তী ধাপে আরও ১২ বিলিয়ন ডলার ছাড় করা হোক। রেজায়ি এই অর্থ ছাড়কে একটি আস্থা তৈরির পরীক্ষা হিসেবে দেখছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে আরও শক্তিশালী চুক্তির পক্ষে এবং নগদ অর্থ হস্তান্তরের বিষয়ে সতর্ক। তবে রেজায়ি স্পষ্ট করেছেন যে, এই অর্থ ইরানের নিজস্ব সম্পদ এবং এটি ফেরত পাওয়া তাদের অধিকার।
সামরিক সংঘাতের বিষয়ে সতর্ক করে এই উপদেষ্টা বলেন, যুদ্ধ শুরু হলে ইরান তা পারস্য উপসাগরের বাইরে ভারত মহাসাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করবে। তবে তিনি মনে করেন নতুন করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ট্রাম্পের সঙ্গে সর্বোচ্চ নেতার বৈঠকের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি।
সমুদ্রপথ নিয়ে রেজায়ি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের সার্বভৌমত্ব রয়েছে। এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে রক্ষণাবেক্ষণ ফি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মহসেন রেজায়ি এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নেতৃত্ব দিয়েছেন এবং সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ফেরত না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না ইরান। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি।

0 Comments