বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)। সোমবার (৮ জুন) আয়োজিত এই কর্মসূচিতে বিওআরআই-এর মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Strong Marine Protected Areas for Our Blue Planet”।
কর্মসূচির অংশ হিসেবে ইনানী সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য, পলিথিন, পরিত্যক্ত বোতল ও ক্যানসহ নানা ধরনের আবর্জনা সংগ্রহ করে অপসারণ করা হয়। একই সঙ্গে সৈকতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামুদ্রিক পরিবেশ দূষণমুক্ত রাখা এবং সমুদ্রসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়। এ সময় মহাপরিচালক কমডোর মো. মিনারুল হক উপস্থিত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করেন।
মহাপরিচালক তার বক্তব্যে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ৩০ শতাংশ সমুদ্র এলাকা সংরক্ষণের বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক বাস্তুতন্ত্র সুরক্ষিত হওয়ার পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।
তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি পর্যটক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। বিওআরআই কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের উদ্যোগ সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং টেকসই নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বিকাশে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে কক্সবাজারের ইনানী সৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি পালন করেছে বিওআরআই। সামুদ্রিক পরিবেশ রক্ষায় পর্যটক ও স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ নেওয়া হয়।

0 Comments