জুলাই গণআন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও নবগঠিত পেকুয়া পৌরসভার ফলক উন্মোচন করতে আগামী ১৩ জুন শনিবার পেকুয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পেকুয়ায় ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ও বরণ প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের কবরে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সঙ্গে এলাকার সড়কগুলোও দ্রুত সংস্কার করা হচ্ছে। শহীদ ওয়াসিমের মা জোসনা আক্তার প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর মতো সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে একজন প্রধানমন্ত্রী আসছেন, এটি অত্যন্ত গর্বের বিষয়। একই সঙ্গে তিনি তাঁর সন্তান হত্যার বিচার দাবি করেন।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় পেকুয়ায় প্রধানমন্ত্রীর এই সফর সম্ভব হয়েছে। তাঁকে বরণ করতে দল থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ হোসেন চৌধুরী বলেন, এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলা উদ্বোধন করেছিলেন, আর এখন তাঁরই যোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান পৌরসভার ফলক উন্মোচন করবেন। এটি পুরো কক্সবাজারবাসীর জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পেকুয়া পৌরসভা উদ্বোধন করতে ১৩ জুন আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে ঘিরে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ।

0 Comments