দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত কয়েক দিনে শতাধিক মানুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৪ জুন ভোর থেকে ৬ জুন ভোররাত পর্যন্ত দেশের সাতটি জেলার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ এই বিপুল সংখ্যক মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি, টহল এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফের এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে গত ৪ জুন ২৮ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা দুই দিন শূন্যরেখায় অবস্থানের পর ৬ জুন বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, রাতের আঁধারে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
লালমনিরহাটের পাঁচটি সীমান্ত দিয়ে ৩৩ জনকে প্রবেশের চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন। ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, শূন্যরেখায় থাকা ব্যক্তিদের বিএসএফ সরিয়ে নিয়েছে। মেহেরপুরের গাংনী সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা গ্রামবাসীর সহায়তায় ব্যর্থ করে দেয় বিজিবি। তেঁতুলবাড়ীয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, কোনো অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না।
পঞ্চগড় সীমান্তে ১০ জন এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ করেছে বিজিবি। ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম এবং ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন পুশইন প্রতিহত করতে বিজিবি সর্বদা তৎপর। এদিকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৫-৬ জনকে পুশইনের প্রস্তুতি ব্যর্থ করে দেয় ৩৯ বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে।
দেশের সাতটি জেলার সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

0 Comments