রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার কলিমোহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বসা কুষ্টিয়া মাঠ এলাকায় ইউনিয়ন পরিষদের জায়গা থেকে প্রকাশ্যে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে সাবাড় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিনভর রাস্তার ধারের এসব গাছ কেটে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি করাতকলে জমা করে রাখা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চক্রের মধ্যে কলিমোহর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সমর্থক হিসেবে পরিচিত আব্দুস সাত্তার, পারভেজ মোল্লা, জমির, নাসিরুল ও সাবুসহ বেশ কয়েকজন রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কলিমোহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লালটু মাস্টার জানান, সরকারি সম্পদ রক্ষার স্বার্থে তিনি ও তার ছেলে এই গাছ কাটার প্রতিবাদ করেছিলেন। এর ফলে অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। লালটু মাস্টার আরও বলেন, দলের সুনাম নষ্ট করতে কিছু নামধারী ব্যক্তি অপকর্মে লিপ্ত হয়েছে। তিনি এ বিষয়ে বিএনপির হাইকমান্ড ও স্থানীয় সংসদ সদস্যসহ শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলিমোহর ইউনিয়ন পরিষদের সচিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কলিমোহর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. রেজাউল ইসলাম রেজওয়ান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ কাটার বিষয়টি সত্য হলেও গাছগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার পরিবারকে হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

0 Comments