প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৩ জুন শনিবার দিনব্যাপী ১২ ঘণ্টার এই সফরে তিনি মোট ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরসূচি অনুযায়ী, ওইদিন সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
সফরের শুরুতে তিনি পিএমখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত একটি পথসভায় ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সাথে তিনি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ কর্মসূচিতে কক্সবাজারের হোটেল লংবীচ অডিটোরিয়ামে আয়োজিত একটি সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় আকাশপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার এই আগমনকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন কক্সবাজার সফরে আসছেন। ১২ ঘণ্টার এই সফরে তিনি ১১টি কর্মসূচিতে অংশ নেবেন এবং শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতসহ জনসভায় ভাষণ দেবেন। বিস্তারিত পড়ুন সংবাদে।

0 Comments