কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। বৃক্ষরোপণ ও প্লাস্টিক দূষণ রোধের মাধ্যমে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। বাপা কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া এবং রেঞ্জ কর্মকর্তা আবদু রাজ্জাক। বক্তারা কুতুবদিয়াকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করে বনায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ, শিক্ষক নুরুল আবছার, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, আবু হানিফ, আনিসুর রহমান হিরু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নুরুল আমিন ও রিপন, বাপা সদস্য শাখাওয়াত বশর, ইমতিয়াজ উদ্দিন এবং আকিবুল হোছাইন রাফিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা করেছে বাপা। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।

0 Comments